করোনা মোকাবিলায় প্রযুক্তি দিল হুয়াওয়ে
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলা করতে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই দিচ্ছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।
বুধবার (২৫ মার্চ) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. আলী নূর, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ ভিপি পিটারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
উন্নত এসব প্রযুক্তি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি দূরবর্তী যোগাযোগ এবং ‘কোভিড-১৯’ শনাক্তে কার্যকর শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালনা করা হবে।
হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্স সিস্টেমটি ফোর-কে ভিডিও প্রযুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্র ও প্রেক্ষাপটে বুদ্ধিবৃত্তিক সমাধান দিতে সক্ষম। এর সাহায্যে করোনা ভাইরাসের মতো মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব। দূর থেকে পর্যবেক্ষণ এবং কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ দেয়া সম্ভব। এছাড়া এআই-ভিত্তিক স্ক্রিনিং সমাধান এবং পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি ও সেবা হাসপাতালগুলোর রোগ নির্ণয় দক্ষতাকে আরো উন্নত করতে সহায়তা করবে।